পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারি: একদিকে জোটবদ্ধতা আর অন্যদিকে বিক্ষিপ্ততার মধ্যে দিয়েই তৃণমূল- বিজেপির শেষবেলার প্রচার শেষ হল বালুরঘাটে। শহরজুড়ে একতাবদ্ধ হয়ে বিজেপি কর্মীদের মাঠে নামতে দেখা গেলেও, ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষিপ্তভাবে সুসজ্জিত মিছিল করেই শেষ প্রচার সেরেছে তৃণমূল। তবে এসবের কোনোটাতেই দেখা যায়নি বামেদের। যাকে ঘিরে রীতিমতো অবাক বালুরঘাট শহরের মানুষ। তবে কি নির্বাচনের আগেই সাংগঠনিক দুর্বলতায় নিজেদের গুটিয়ে নিয়েছে বামেরা? পুরভোটের শেষ দিনের প্রচারে তা যেন ক্রমশঃ জোড়ালো হয়ে উঠছে বালুরঘাট শহরে।
যদিও এবিষয়টিকে আলাদাভাবে ব্যাখ্যা করতে দেখা গেছে বাম নেতা কর্মীদের। তাদের দাবি, শাসক দলের সন্ত্রাস রুখবার পাশাপাশি তাদের নেতা-কর্মীদের সুরক্ষা দিতেই এবারের প্রচার কৌশল বদলেছে বামেরা। জোর দেওয়া হয়েছে বাড়ি বাড়ি প্রচার ও মানুষের সঙ্গে সরাসরি সংযোগের বিষয়ে। একই সাথে এবারের পুর নির্বাচনে বামেদের আলাদা মাত্রা জুগিয়েছে ডিজিটাল মাধ্যমের প্রচার।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনের জন্য শুক্রবার ছিল শেষ প্রচার। যে তালিকা অনুযায়ী বালুরঘাটেও শেষ বেলার প্রচারে ঝড় তুলতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে। এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফে শহরের মঙ্গলপুর এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যার পুরোভাগে নেতৃত্ব দেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বেলুন, ঢাক নিয়ে এক সুসজ্জিত বিশাল র্যালি শহর পরিক্রমা করে। মিছিলের পুরোভাগে সুকান্ত ছাড়াও বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরি, শুভেন্দু সরকার, বাপি সরকাররাও পা মেলান। উপস্থিত ছিলেন বিজেপির ২৫ জন প্রার্থীও। গোটা শহর পরিক্রমা করে এদিন মিছিল শেষ হয় বালুরঘাট থানা মোড় এলাকায়। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে শেষ বেলার প্রচারে একটু ভিন্নমাত্রা লক্ষ্য করা গেছে।
শহরের ২৫ টি ওয়ার্ডে প্রার্থীরা আলাদা আলাদা মিছিল বের করে। যেখানে প্রতিটি প্রার্থীর সাথেই জেলা ও ব্লক স্তরের নেতৃত্বদের দেখা যায়। এছাড়া পুর প্রচারের উল্লেখযোগ্য হিসাবে শহরের প্রায় প্রতিটি ওয়ার্ডেই তৃণমূলের তরফে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করা হয়। কোথাও লক্ষ্মী সাজানো হয়, আবার কোথাও লক্ষ্মীর ঘট নিয়ে প্রার্থীদের মিছিলে হাঁটতে দেখা যায়। তবে এসবের থেকে একেবারেই আলাদা দেখা গেছে বামেদের। শেষ বেলাতে কোনো প্রচারের ঝড় না থাকায় রীতিমতো হতবাক হয়েছেন শহরের বাসিন্দা। বালুরঘাট শহরে এক বিশাল শোভাযাত্রা করে বামেদের প্রচারের শেষ দিনে চমক দেবার রেওয়াজ থাকলেও, এবারে প্রথম কেন, ব্যতিক্রমী ছবি চোখে পড়ল শহরবাসীর। যাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে শহরবাসীর মধ্যে।

