বুলডোজার-কাণ্ড নিয়ে পুরসভায় ধুন্ধুমার, তৃণমূল-বিজেপির হাতাহাতি

আমাদের ভারত, ১৯ আগস্ট: শনিবার কলকাতা পুরসভার অধিবেশনের দিন বিজেপি এবং তৃণমূল কাউন্সিলরদের দু’পক্ষের মধ্যে ব্যাপক তর্ক ও ধ্বস্তাধ্বস্তি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বুলডোজার দিয়ে কলকাতাতেই এক বিজেপি নেতার দখলকৃত ঘর ভেঙ্গে দেওয়ার প্রতিবাদ জানাতে এদিন বিজেপি কাউন্সিলররা সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তৃণমূল কাউন্সিলরদের একাংশের অভিযোগ, এই সমাবেশে কিছু বহিরাগত আছেন, তারা সমাবেশ ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এর পরেই দু’পক্ষের মধ্যে তর্ক, ধাক্কাধাক্কি শুরু হয়।

পুরসভার চেয়ারম্যান তথা সাংসদ মালা রায় পরে সাংবাদিকদের বলেন, বিজেপি’র সঙ্গে ওদের রক্ষী ছিল। ভিতরে ঢুকে আমাদের মহিলাদের গায়ে ওরা হাত দিয়েছে। এটা অশালীন এবং অসাংবিধানিক। আমরা এর যথাযোগ্য ব্যবস্থা নেব।

অন্যদিকে, বিজেপির মীনাদেবী পুরোহিত এবং সজল ঘোষ দাবি করেন, বুলডোজার দিয়ে বেছে বেছে বিজেপি নেতার সম্পত্তি ভাঙ্গার প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে বাইরের কেউ ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *