পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে: অভিষেকের নবোজোয়ার কর্মসূচির আগেই পিংলায় তৃণমূল- বিজেপির সংঘর্ষে আহত হয় দুই পক্ষের ১৬ জন। গুরুতর জখম অবস্থায় তাদের ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার ঘটনাটি ঘটে পিংলা ব্লকের অন্তর্গত জামনা ২নং অঞ্চলের মাধবচক এলাকায়।
জানাগেছে, ওই এলাকায় বিজেপির পার্টি অফিসে (দলীয় কার্যালয়ে) কার্যকরণী বৈঠক চলছিল এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও কর্মীরা। আর ঠিক সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতি এসে চড়াও হয় বিজেপি কর্মীদের উপর। ভাঙচুর চালায় দলীয় কার্যালয়ে এমনটাই অভিযোগ বিজেপির।
তবে তৃণমূলের বক্তব্য, অভিষেকের রোড শো’কে কেন্দ্র করে ওই এলাকায় পতাকা লাগানোর কাজ করছিলো তৃণমূল কর্মীরা। আর সেই সময়, বিজেপি নেতারা তাদের পতাকা খুলে জ্বালিয়ে দেয়। তার পরেই দুই পক্ষের বচসা থেকে মারামারিতে জড়ায় দুপক্ষ। সংঘর্ষে আহত হয় ১৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পিংলা থানার পুলিশ ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। ইতিমধ্যেই ঘটনা ঘিরে পিংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।

