অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ জুলাই:
ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বৈতা অঞ্চলের পলাশি এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে জখম উভয়পক্ষের মোট ৯ জন। আহতদের মধ্যে তিন জন বিজেপি কর্মী ও ছয়জন তৃণমূল কর্মী। তাদের প্রথমে লালগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গেছে, পলাশী বুথে ভোটের শেষ মুহূর্তে দুই দলের মধ্যে কথা কাটাকাটি থেকে বিবাদের সৃষ্টি হয়। সেই বচসা গতকাল মিটে গেলেও আজ তা হাতাহাতিতে পরিণত হয়। যার জেরে আহত হয় বিজেপির তিন কর্মী ও তৃণমূলের ছয়জন কর্মী। ঘটনাস্থলে পৌঁছায় লালগড় থানার বিশাল পুলিশ। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে লালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাদের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজেপির অভিযোগ, তাদের উপর তৃণমূল কর্মীরা লাঠি ও রড নিয়ে হামলা চালায়। পাল্টা অভিযোগ তৃণমূলেরও। উভয় পক্ষের নেতৃত্ব একে অপরের প্রতি দোষারোপ করেছেন।

