জে মাহাতো, মেদিনীপুর, ১২ জুলাই: তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন। সোমবার বিকেলে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে দাঁতন ১ ব্লকের আলিকষা পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
তৃণমূলের দাবি, বিজেপির লোকজন অতর্কিতে তাদের কর্মীদের ওপর আক্রমণ করে। তাতে আহত হয়েছেন তৃণমূলের লাল্টু দাস, বিশ্বজিত রাউত, উমাকান্ত মান্না, গৌর দাস, মতিলাল মান্না, পার্বতী রাউত-সহ আরও কয়েকজন। গুরুতর আহত দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে l বাকি তৃণমূল কর্মীরা দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকা উত্তপ্ত থাকায় ঘটনাস্থলে দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
তৃণমূলের অঞ্চল সভাপতি ধীরেন জানা বলেন , “আমাদের কর্মীদের উপর অতর্কিতে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাl এর আগে লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকে বিজেপি ওই এলাকায় অত্যাচার চালিয়েছে। তৃণমূল কর্মী সমর্থকদের জমিতে চাষ করতে দেয়নি, মারধর করা হয়েছে।”

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির অভিযোগ তোলা হয়েছে। বিজেপির দাবি,
তাদের দুই সমর্থকের বাড়িতে ঢোকার রাস্তা বেড়া দিয়ে ঘিরে দেয় তৃণমূলের লোকজন। বেরনোর রাস্তা ও পানীয় জল বন্ধ করে দেওয়া হয়। তার প্রতিবাদ জানালে দুইপক্ষের বচসা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। বিজেপির দাবি, তাদের দুজন মহিলা আহত হয়েছে। দাঁতন থানায় উভয় পক্ষই একে ওপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বলে জানা গেছে।

