আমাদের ভারত, হাওড়া, ২৪ মার্চ: নির্বাচনের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাগনান বিধানসভার দেউলটির মেল্লক ও মতিমালা গ্রাম। বুধবার দুপুরের উভয়পক্ষের সংঘর্ষে বাড়ি, দোকান ভাঙ্গচুরের পাশাপাশি বোমাবাজির অভিযোগ ওঠে উভয়পক্ষের বিরুদ্ধে। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
জানা গেছে বাগান বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের সমর্থনে বুধবার সকাল থেকেই দেউলটির বিভিন্ন এলাকায় মিছিল করছিল বিজেপি কর্মী সমর্থকরা। দুপুরে মিছিল মেল্লক ও মতিমালা গ্রামে ঘোরার সময় বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনি দেয়। এই নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা বাধে এবং পরে সেটা হাতাহাতি পর্যন্ত গড়ায়। অভিযোগ, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের মাঝে শুরু হয় ইটবৃষ্টি, ভাঙ্গচুর করা হয় বাড়ি৷ দোকান। এমনকি বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। এদিকে দুই পক্ষের ঝামেলায় গ্রামে উত্তেজনা ছড়ায়। পরে বাগনান থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। নামানো হয় র্যাফ।
ঘটনা সম্পর্কে বাগনান কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম মল্লিক জানান, বুধবার দুপুরে মেল্লক ও মতিমালা গ্রামের মধ্যে দিয়ে মিছিল যাওয়ার সময় স্থানীয় তৃণমূল নেতা আয়ুব আলির নেতৃত্বে তৃণমূল কর্মীরা অতর্কিতে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। কর্মীদের মারধর করার পাশাপাশি বাড়ি, দোকানে ভাঙ্গচুর চালায়। অনুপম মল্লিকের দাবি, তৃণমূল কর্মীদের হামলায় দলের এক শক্তি কেন্দ্রের প্রমুখ সহ দুইজন আহত হয়েছে।

যদিও তৃণমূল নেতা আয়ুব আলির দাবি, বিজেপি কর্মীরা মিছিল করার সময় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে করে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে এমনকি আমাদের কর্মীদের পদ্মফুলে ছাপ দেওয়ার জন্য হুমকি দিতে থাকে। আয়ুব আলির অভিযোগ, আমাদের কর্মীরা প্রতিবাদ করায় বিজেপি কর্মীরা আমাদের কর্মীদের মারধর করে এবং কর্মীদের বাড়িতে ভাঙ্গচুর চালায়। আয়ুব আলির দাবি, বিজেপি কর্মীদের হামলায় তৃণমূলের ১০ কর্মী আহত হয়েছে।

