রাজেন রায়, কলকাতা, ৪ মার্চ: গ্রাম ছাড়িয়ে ভোটের উত্তাপ ছড়াচ্ছে এবার শহরেও। কলকাতায় ভোট হতে এখন বাকি বেশ কিছুদিন। তার মধ্যেই শনিবার রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ ধুন্ধুমার কান্ড হল মানিকতলা-কাঁকুড়গাছি এলাকা। শনিবার রাতে ৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। ভাঙ্গচুর করা হয় পুলিশের গাড়ি। ইতিমধ্যে এই ঘটনায় দু’পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মানিকতলার ৩২ নম্বর ওয়ার্ডের নতুন পল্লি এলাকায় শনিবার সকালে প্রথমে জল তোলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বচসা থেকে উত্তেজনা ছড়ায়। পরে সেই সমস্যা মিটেও যায়। বেলা গড়াতেই রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে ঘটনাস্থলে যান। বাসিন্দাদের একাংশের অভিযোগ, সেই সময় বিতর্কিত মন্তব্য করে শ্রেয়া নতুন করে অশান্তি ছড়িয়ে দেন। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। এর পরই ওই অশান্তিতে রাজনৈতিক রং লাগায় নতুন করে ঝামেলা তৈরি হয়। ওই নতুন পল্লি স্পোর্টিং ক্লাব কার দখলে থাকবে, তা নিয়ে শুরু হয়ে যায় ঝামেলা।

তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। শুরু হয় ইঁটবৃষ্টি, ভাঙ্গচুর। মানিকতলা থানা থেকে পুলিশের বিশাল বাহিনী আসে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হন ২ জন পুলিশ কর্মী। অভিযোগ, পুলিশ কর্মীদের লক্ষ্য করে চলে ইঁটবৃষ্টি। ভাঙ্গচুর করা হয় পুলিশের গাড়িও। মাঝরাত অবধি উত্তেজনা চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুপক্ষেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক জখম হয়েছেন বলে খবর। আহত দুজন পুলিশ কর্মীও। রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও পরিস্থিতি থমথমে।

