রাজেন রায়, বিধাননগর, ২৩ ফেব্রুয়ারি: উত্তর দমদম পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের দুর্গানগর নেপাল চন্দ্র স্কুল সংলগ্ন ওয়ার্ড অফিসে স্বাস্থ্য সাথী কার্ড নিতে গিয়ে তৃণমূল নেতার কাছে মার খেতে হল স্থানীয় এক যুবককে। আক্রান্ত যুবকের নাম অমিত রায়। তৃণমূল নেতাদের এই একতরফা পেটানোর ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে স্ত্রী, সন্তান ও মায়ের সামনে রাস্তায় ফেলে পেটানো হয় অমিতকে। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরে স্বাস্থ্য সাথীর কার্ড নিতে গেলে তাকে বেধড়ক মারধর করে স্থানীয় তৃণমূল নেতা কিশোর ঘোষ ও তার অনুগামীরা। রাস্তায় ফেলে লাথি ও ঘুষি মারধর করা হয়। তার মা ও স্ত্রী তাকে বাঁচাতে এলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ।

জানা গেছে, এদিন অমিত রায় তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য সাথী কার্ড আনতে গেলে তাঁকে কটুক্তি করে তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করতে গেলে ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মিতালী গোষ্ঠীর ক্লাবের সম্পাদক কিশোর ঘোষ অমিতকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে অমিত তৃণমূল বিরোধী বলে এলাকায় পরিচিত। বছর দুয়েক আগেও তাঁকে কিশোর তার দলবল মারধর করছিল। পরে কিশোরের বাহিনী অমিতের বাড়ি ভেঙ্গে দেয়। অমিতের দাবি তাঁর পরিবারের সদস্যরা স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করে। পরিবারের সঙ্গে সে এদিন ওয়ার্ড অফিসে এসেছিল। তবে কোনও প্ররোচনা ছাড়াই তারওপর এদিন হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, প্রথমে অশান্তি শুরু করেছিল অমিত।

