ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, মাথা ফাটল দেবাংশু-সুদীপের, গুন্ডারাজের তোপ অভিষেকের

রাজেন রায়, কলকাতা, ৭ আগস্ট: বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যে যখন বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রচারে এসেছিলেন তখন তাদের দেওয়া হয়েছিল বহিরাগত তকমা। আর এবার বিজেপির ঘাঁটিতে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল নেতারা।

পশ্চিমবঙ্গের মাটিতে বিধানসভা ভোটে বিজেপিকে পর্যদুস্ত করার পর এবার ত্রিপুরার মাটিতে খাতা খুলতে চাইছে তৃণমূল। লক্ষ্য সেখানকার তেইশের বিধানসভা নির্বাচন। কিন্তু সেখানে তৃণমূলের খাতা খোলা যে খুব একটা সহজ হবে না, মিলল তার প্রাথমিক প্রমাণ। এবার ত্রিপুরার আক্রান্ত হলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তের মতো নেতা-নেত্রীরা। ঘটনায় বিজেপির দিকে আঙুল তুললেও অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি। তবে ঘটনার নিন্দা করে ত্রিপুরায় গুন্ডারাজ চলছে বলে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আগরতলা থেকে ধর্মনগরে যাচ্ছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। মাঝপথে আমবাসায় তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। আর তাতে গাড়ির কাঁচ ভেঙ্গে কাঁচের টুকরো সকলের গায়ে গিয়ে লাগায় রক্তাক্ত হন সুদীপ, জয়া, দেবাংশুরা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ।

অভিষেক দলের যুব নেতৃত্বের ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় সুদীপ রাহার মাথা ফেটে গিয়েছে। জয়ারও কপাল, গাল কেটে গিয়েছে। এছাড়া তাঁদের গাড়ির কাঁচও ভাঙ্গা হয়েছে। টুইটারে তিনি লিখেছেন, “ত্রিপুরায় বিজেপির প্রকৃত স্বরূপ প্রকাশ পেয়েছে। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর বর্বরোচিত হামলা বিপ্লব দেব সরকারের গুন্ডারাজের প্রকাশ। আপনাদের হুমকি ও আক্রামণ শুধুমাত্র অমানবিকতার প্রমাণ। যা করার করুন, তৃণমূল এক ইঞ্চি জমিও ছাড়বে না।”

যুব তৃণমূল কর্মীদের উপর হামলার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবারই ত্রিপুরা যাচ্ছেন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু। এবার দুই রাজনৈতিক দলের লড়াই কোন জায়গায় গিয়ে দাঁড়ায় দেখার অপেক্ষায় ত্রিপুরার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *