সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ আগস্ট: সিপিএমের পথসভায় তৃণমূলে হামলা। গো-ব্যাক শ্লোগান দিতে দিতে মিছিল করে পথসভায় ঢুকে মাইক, চেয়ার, টেবিল আছড়ে ভেঙ্গে দিল তৃণমূল নেতা কর্মীরা। সিপিএমের অপরাধ তারা মাইক বাজিয়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথসভা করছিল উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন চত্বরে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ত্রিপুরায় হামলার প্রতিবাদে গোটা রাজ্যে ফুঁসছে তৃণমূল। মঙ্গলবার বিকেলে তার প্রতিবাদের গোবরডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। সেই সময় স্টেশন চত্বরে মাইক বাজিয়ে সিপিএমের পক্ষ থেকে মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথসভা করা হচ্ছিল। মাইক বন্ধ করতে মিছিল করে পথসভায় ঢুকে পড়ে তৃণমূল নেতা কর্মীরা। এরপর একে একে মাইক, চেয়ার, টেবিল আছড়ে ভেঙ্গে দেয় তৃণমূল নেতা কর্মীরা। এমন কী সিপিএম কর্মীদের উপর চরাও হয় দুই একজন কর্মী।
তৃণমূল নেতা শঙ্কর দত্ত বলেন, ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে আচমকা হামলার ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে জেলায় জেলায় শুরু হয়েছে আমাদের প্রতিবাদ মিছিল। আমরা বার বার তাদের জানিয়েছিলাম, গোবরডাঙা জুড়ে আমাদের প্রতিবাদ মিছিল বের হবে। তা জেনেও সিপিএমের দুইএকজন নেতা আমাদের মিছিলে বিঘ্ন ঘটাতে মাইক লাগিয়ে পথ সভা করেছে।

