মেদিনীপুরে কৌস্তভের প্রচারে চড়াও তৃণমূল, দুর্নীতির প্রসঙ্গ তোলায় তাঁর দিকে তেড়ে গেল ঘাসফুল সমর্থকরা

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২ জুলাই: মেদিনীপুরে প্রচারে এসে তৃণমূল কর্মীদের হুমকির মুখে পড়লেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। প্রচারের সময় তৃণমূলের দুর্নীতি নিয়ে বলতে শুরু করায় কয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয়। তাঁকে রীতিমতো হুমকি দেওয়া হয়। কৌস্তভ বাগচিও পালটা প্রতিবাদ করেন।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে মেদিনীপুর সদরের ২৪ নম্বর আসনের জাতীয় কংগ্রেস প্রার্থী মুনমুন ঘোষের সমর্থনে প্রচার করছিলেন কৌস্তভ বাগচি। মেদিনীপুর শহর লাগোয়া ৬০ নম্বর জাতীয় সড়কে হেটে প্রচার মিছিল শুরু হয়। জাতীয় সড়ক হয়ে মিছিল পৌঁছায় আমতলার মোড়ে। সেখানে ডাক্তার বিধান চন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করেন কৌস্তুভ বাগচী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। এরপর সেখান থেকে তাদের প্রচার মিছিল পৌঁছয় হাতিহলকা বাজার এলাকায়। প্রচার মিছিলের শেষে হাতিহলকা বাজার এলাকায় বক্তব্য রাখেন কৌস্তব বাগচী। আর এখানেই ঘটে বিপত্তি।

কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচি মাইকে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শাসক দলের একাধিক দুর্নীতির কথা তুলে ধরছিলেন। ঠিক সেই সময়ই কয়েকজন তৃণমূল কর্মী তাতে আপত্তি জানান। আপত্তি জানানোর পাশাপাশি তারা তেড়ে যায় কৌস্তভ বাগচির দিকে। তারা চেঁচিয়ে বলতে থাকে, “এটা শান্তিপূর্ণ এলাকা, ভদ্রভাবে কথা বলুন, মুখের ভাষা ঠিক করুন, আর না হলে এখান থেকে সরে গিয়ে কথা বলুন।” কৌস্তভ বাগচি পালটা প্রতিবাদ করেন। আর এরপরই খানিকটা বিশৃংখলার সৃষ্টি হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং তৃণমূলের অঞ্চল প্রধান গনি ইসমাইল মল্লিক তাদের সেখান থেকে সরিয়ে দেন। আর এরপরেই নিজের লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে ফের আরোও একবার শাসক দল ও বিজেপিকে কটাক্ষ করেন কৌস্তভ বাগচি।

শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি বলেন, “কিছু তৃণমূলের দুষ্কৃতি, কিছু গুন্ডাবাহিনী, যাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেলিয়ে দিচ্ছেন। আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানেই বিশৃঙ্খলা, একটা ভয়ের বা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমি এদের বোঝাতে পারছি না, যে আমার মাতৃসম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুত্রসম কৌস্তুভ বাগচিকে ভয় পায়। এরা কারা? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নয় বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাকে ভয় পায় বলে রাত্রিবেলা আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেয়, তাহলে এরা কারা?”

অপরদিকে এই ঘটনার পর কৌস্তভের প্রচার শেষে কংগ্রেস নেতাদের ডাবের জল খাওয়ান তৃণমূল নেতা তথা অঞ্চল প্রধান গনি ইসমাইল মল্লিক। একই সাথে কৌস্তুভ বাগচি ও অন্যান্য কংগ্রেস নেতাদের সাথে ভাব বিনিময় করেন তিনি। গনি ইসমাইল মল্লিক জানান, “এখানে কোনও বিক্ষোভ হয়নি, সকলকে ডাব খাওয়ালাম। এটা শান্তিপূর্ণ এলাকা, শান্তিপূর্ণভাবে এবং ভালোভাবে ভোট হবে এখানে।”

শনিবার মেদিনীপুরে কংগ্রেসের প্রচারে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়, প্রবীণ রাজনীতিবীদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শম্ভুনাথ চ্যাটার্জি, পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনী কমিটির চেয়ারম্যান শ্যামল ঘোষ, জেলা পরিষদের প্রার্থী মুনমুন ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *