তৃণমূল ও পুলিশ এক হয়ে বিজেপি প্রার্থীদের উপর হামলার অভিযোগ, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দলের নেতা কর্মীদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ জুলাই: তৃণমূল ও পুলিশ এক হয়ে বিজেপি কর্মী ও পঞ্চায়েতের প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ বিজেপির। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বানারহাট ব্লকের শালবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি নেতা ও কর্মীরা। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ও সাংসদ জয়ন্ত কুমার রায়।

এদিকে বিজেপির আরও অভিযোগ, একাধিক বিজেপি কর্মীর নামে অভিযোগ করা হয়েছে। এলাকায় বিজেপি করেন এরকম পুরুষরা গ্রামছাড়া। একদিন পরে ভোট, ভোট প্রক্রিয়া যেন ভালোভাবে হয় এই দাবি তুলেছেন বিজেপি নেতারা। যদিও তৃণমূলের পাল্টা দাবি, সব জায়গায় হেরে যাওয়ার ভয়ে মিথ্যে অভিযোগ করছে বিজেপি। এ দিন জেলা পুলিশ সুপারের দফতরে এলাকার নির্যাতিতা মহিলারা এসে বিক্ষোভ দেখালেন।

বানারহাট ব্লকের ১৫/৪৪ নম্বর বুথের বিজেপি প্রার্থী রূপালী রায় বলেন, “তৃণমূলের হার্মাদ বাহিনী আমাদের উপর আক্রমণ করছে পুলিশকে সঙ্গে নিয়ে। এলাকার পুরুষরা ভয়ে পলাতক। পুলিশকে জানানোর পরেও কাজ হচ্ছে না। এই কারণে পুলিশ সুপার দফতরে হাজির হলাম।”

এদিকে জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, “তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। এই কারণে হামলা করছে। গ্রামের একাধিক বিজেপি কার্যকর্তার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে থানায়। এর জেরে পুরুষরা গ্রাম ছাড়া। মহিলারা ভয়ে আছে। এটাই চাইছে তৃণমূল, ভয়ে মহিলারা যেন ভোট না দেয়। পুলিশ সুপারকে জানানো হয়েছে তিনি আশ্বাস দিয়েছেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজার রাখবেন।”

এদিকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নিতাই কর বলেন, “বিজেপি বুঝে গিয়েছে তাদের হার। এই কারণে তৃণমূলের নামে মিথ্যে অভিযোগ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *