আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১০ মার্চ: একের পর এক বিক্ষুব্ধ তৃণমূল নেতারা দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। কান্দি ও জঙ্গীপুর মহকুমার একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী হাত ধরে। এই তালিকায় কান্দি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারি সভাধিপতি বৈদ্যনাথ দাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্যা দ্রৌপদী ঘোষ, জঙ্গীপুরের বিশিষ্ট শিল্পপতি সাজাহান বিশ্বাস সহ কান্দি শহর কংগ্রেস সভাপতি সোমনাথ দাস সহ তৃণমূল ও কংগ্রেস নেতৃত্বরা।
বুধবার বিকেলে কলকাতায় বিজেপির রাজ্য দপ্তরে তারা বিজেপিতে যোগদান করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হাত ধরে। একদা শুভেন্দু অধিকারী অনুগামী বলে পরিচিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস জানান, শুভেন্দু অধিকারীর হাত ধরে আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলে যোগদান করেছিলাম। বর্তমানে আমরা অভিভাবকহীন ছিলাম। তাই আমরা বিজেপিতে যোগদান করেছি। মানুষের জন্য কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য।
দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরী শঙ্কর ঘোষ বলেন, বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে তত তৃণমূল দলের ভাঙন অব্যাহত থাকবে। আগামী দিনে যারা কাজ করতে চাইছে তারা বিজেপিতে আসুক বলে মন্তব্য করেন তিনি।
মুর্শিদাবাদ জেলা তৃণমূলের মুখপাত্র অপূর্ব সরকার জানান, এরা সবাই বিজেপি দলে যাবেন এটা জানা কথা। কারণ তারা শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত। তাই তারা বিজেপিতে যাচ্ছেন। তবে তারা গেলে দলের কোনও ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

