গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩ ফেব্রুয়ারি:রামনারায়ণপুর অধর চন্দ্র স্মৃতি বিদ্যানিকেতনে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো তৃণমূল ও বিজেপি।
সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। স্কুলের চেনা গণ্ডি পেরিয়ে এই প্রথম অন্য স্কুলে পরীক্ষায় বসতে চলেছে শিক্ষার্থীরা। তাই তারকেশ্বরে বিভিন্ন এলাকায় শাসক দলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দিতে তাদের পেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। শাসক দলের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়।

তবে এদিন তারকেশ্বর থানার অন্তর্গত রামনারায়ণপুর অধর চন্দ্র স্মৃতি বিদ্যানিকেতনে দেখা গেল অন্য চিত্র। এদিন স্কুলের গেটে তৃণমূল ও বিজেপিকে পাশাপাশি দাঁড়িয়ে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে তাদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। এদিন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদিকা পর্ণা আদক অন্যান্য সহকর্মীদের সঙ্গে নিয়ে ছাত্র-ছাত্রীদের মনোবল বাড়াতে তাদের পেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অন্যদিকে হুগলি জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা পঙ্কজ কারক অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে ছাত্র- ছাত্রীদের হাতে পেন ও ফুল তুলে দেন।

