নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: নিজের এলাকাতেই কালো পতাকা দেখলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। রবিবার বেহালার রবীন্দ্রনগরে সভার আয়োজন করেন বিজেপি কর্মীরা। সেই সভার মূল বক্তা ছিলেন শোভন চট্টোপাধ্যায়। বিকেলে সেখানে যেতেই কয়েকজন তৃণমূল কর্মী তাকে কালো পতাকা দেখান।

বেহালায় শোভন চট্টোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয় রবীন্দ্রনগরে। শোভন চট্টোপাধ্যায়ের গাড়ি দেখা মাত্রই তৃণমূল কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। শাসক দলের কর্মীরা মীরজাফর বলে স্লোগান তুলতে শুরু করেন। তৃণমূল কর্মীরা স্লোগান তুলতেই পাল্টা স্লোগান তুলতে শুরু করেন বিজেপি কর্মীরা। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় বচসা। যা থামাতে পুলিশকে ছুটে আসতে হয়। পুলিশ অবশ্য ব্যারিকেড করে শোভন চট্টোপাধ্যায়ের গাড়ি সভার দিকে নিয়ে যায়।

সভাতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করেন। তিনি বলেন, এই ঘটনাটি তৃণমূল কর্মীরা ঘটিয়েছে। বিধানসভা ভোট সামনে। তারপর দেখা যাবে মানুষ কার সঙ্গে আছে। মানুষ তৃণমূলের সঙ্গে নেই বলেই তৃণমূল সবাইকে ভয় পেয়ে কালোপতাকা দেখাচ্ছে বলে অভিযোগ করেন শোভন চট্টোপাধ্যায়।

