জে মাহাতো, মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: আগামী ৩০ তারিখ উপনির্বাচন হচ্ছে ভবানীপুরে। ভবানীপুরে এবারের লড়াই হচ্ছে জোরদার। গত বারে নন্দীগ্রামে ১৯২৪ ভোটে হেরে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এবারে সেখানে হবে প্রেস্টিজ ফাইটl আর সেই প্রেস্টিজ ফাইটে যাতে উতরে যাওয়া যায় সেজন্য পূজা পাঠ হোম যজ্ঞের আয়োজন করছে তৃণমূল দলের নেতাকর্মীরা।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার লক্ষ্যে দলের সমর্থক কর্মীরা হোম যজ্ঞ করে প্রার্থনা করছেনl মঙ্গলবার খড়্গপুর পৌরসভার ৩৩ এবং ৩৫ নং ওয়ার্ড এর কর্মীরা তালবাগীচা কালী মন্দিরে তেমনি হোমযজ্ঞ করেছেন। উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি রাজ্য সহ সভাপতি জহর পাল এবং যুব সভাপতি অসিত পাল। তারা কালী মন্দিরে পূজোর নৈবেদ্য দিয়ে শুরু করেন হোম যজ্ঞ। মন্দিরে তাদের একটাই প্রার্থনা যাতে ভবানীপুরে বিপুল সংখ্যক ভোট পেয়ে জিতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো শেষে এলাকার অধিবাসীদের মধ্যে পুজোর ভোগ বিতরণ করা হয়।

