পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: মনোনয়ন পর্বের চতুর্থ দফায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বিডিও অফিসে মঙ্গলবার ভরদুপুরে হাজির হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। এই দিন মনোনয়নপত্র জমা দিতে আসা সকল বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।
এরপর বেরিয়ে যাওয়ার সময় দিলীপ ঘোষকে ঠান্ডা জল ও ওআরএস দিয়ে সৌজন্যের নতুন নজির সৃষ্টি করলো জঙ্গলমহল শালবনির তৃণমূল কর্মী সমর্থকরা। পাশাপাশি ওই তৃণমূল কর্মী সমর্থকরা জানিয়েছেন, জঙ্গলমহল তৃণমূলের এটাই সংস্কৃতি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, সারা রাজ্যে ৬০ থেকে ৭০ শতাংশ আমাদের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়ে দিয়েছেন।

