খড়্গপুরে শুটআউটে খুন তৃণমূল কর্মী

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: ফের শুট আউট রেলশহর খড়্গপুরে। সোমবার রাত ১০ টা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ভেঙ্কট রাও ওরফে প্রসাদ রাও( ৪২) নামে এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটে খড়্গপুর পৌরসভার ২০ নং ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকার মাতা মন্দিরের সামনে। সেখানেই বসেছিলেন প্রসাদ। কালো কাপড়ে মুখঢাকা তিন যুবক স্কুটিতে এসে প্রসাদকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খড়্গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার পরে হাসপাতালে পৌঁছান পৌরপ্রধান প্রদীপ সরকার সহ অন্যান্যরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

জানা গেছে, সপ্তাহ দুয়েক চেন্নাইয়ে কাটিয়ে সোমবারই শহরে ফিরেছিলেন প্রসাদ। তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। একসময় প্রয়াত রেল মাফিয়া’ শ্রীনু নাইডু’র ঘনিষ্ঠ ছিলেন এই প্রসাদ। সোমবার রাতে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনা ঘিরে রেল শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারণে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, এই ঘটনা পুরনো শত্রুতার জের হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *