রাতের অন্ধকারে জাতীয় সড়কের একাংশ কেটে হিউম পাইপ বসানোর প্রতিবাদ, জলপাইগুড়িতে তিন যুবককে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ জুন: রাতের অন্ধকারে জাতীয় সড়ক খুঁড়ে জল যাওয়ার হিউব পাইপ বসানোর কাজ হচ্ছিল। কার অনুমতিতে পে-লোডার দিয়ে জাতীয় সড়কের একাংশ কাটা হচ্ছে তার প্রতিবাদ করায় গ্রামের কয়েকজন যুবককে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূলের একাংশ কর্মীদের বিরুদ্ধে।

প্রতিবাদী তিন যুবকে মারধর করে এক যুবককে মাটি চাপা দিয়ে দেওয়ার হুমকি উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিত নগর এলাকায়। জখম যুবকরা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শনিবার বিকেলে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী মিলন কর্মকার বলেন, “রাস্তা কাটা হচ্ছিল। প্রতিবাদ করলে আমাদের মারধর করা হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে আছি থানায় অভিযোগ করলাম।”

স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য সঞ্জীত কর্মকার বলেন, “বৃষ্টির জল আটকে আছে গ্রামে। আমরা স্থানীয় এক সিমেন্ট কারখানায় আবেদন করেছিলাম সমস্যার সমাধানের জন্য। এরপর এলএনটি সঙ্গে কথা বলে হিউম পাইপ বসানো হচ্ছিল। কয়েকজন বাধা দেয়। থানায় অভিযোগ জানানো হয়েছে।”

অন্যদিকে তৃণমূলের যুব জেলা সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন, “দলকে ব্যবহার করে কেউ যদি এমনটা করে প্রমাণ পাওয়া যায়। তাহলে দলীয়ভাবে ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবো জেলা সভাপতিকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *