পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: পুনঃনির্বাচনের আগেই উত্তপ্ত হয়ে উঠলো পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরের আঁতলা এলাকা। কামরুল মল্লিক নামে এক তৃণমূল কর্মীকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ায় কোনরকম প্রাণে বাঁচেন তিনি। উদ্ধার হয় গুলির খোল।
অভিযোগ, রবিবার রাত আটটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায়, তারপর তাকে গুলি করার চেষ্টা করে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ায় ওই তৃণমূল কর্মীর কান ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। তারপর তাকে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। এলাকায় আতঙ্ক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

