আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৫ এপ্রিল: প্রকাশ্য সভা থেকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের স্বামী, তৃণমূলের টনিক শেখের বিরুদ্ধে। হুমকির পরেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস প্রার্থী সঞ্জিবুর রহমান ওরফে বাপ্পা এবং ব্লক সভাপতি মিলন শেখ।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মুরারই বিধানসভার ডুমুরগ্রামে পথসভা ছিল। সেখানে বক্তব্য রাখেন ডুমুরগ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী টনিক শেখ। তিনি বলেন, “চার দিন আগে যারা তৃণমূল করেছিল, পঞ্চায়েত নির্বাচনে যারা তৃণমূল করেছিল, তারা কংগ্রেসকে ভোট দিলে বাড়ি থেকে বের হতে দেব না।“ এই বক্তব্য ছড়িয়ে পড়তেই তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে। হুমকির ভিডিও হাতে পেয়ে কংগ্রেসের মুরারই ১ নম্বর ব্লক সভাপতি মিলন শেখ জেলা শাসক থেকে কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কংগ্রেস প্রার্থী সঞ্জিবুর রহমানও পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মিলন শেখ বলেন, “এই হুমকির পর থেকে এলাকার মানুষ আতঙ্কিত। টনিক শেখ আগেও একইভাবে ভোটারদের হুমকি দিয়েছে। অবিলম্বে তাকে গ্রেফতার করে স্বচ্ছ ভোট করাতে হবে।”
সঞ্জিবুর রহমান বলেন, “হুমকি তৃণমূলের সংস্কৃতি। ওরা ভয় পেয়েছে। তাই মানুষকে হুমকি দিয়ে কোনরকমে জেতার চেষ্টা করছে। কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলকে ভোট দেবেন না। তাই এবার হুমকি দিতে হচ্ছে। আমরা কমিশনে অভিযোগ জানিয়েছি। এই সমস্ত ব্যক্তিদের জেলে ভরে ভোট করতে হবে। তবে আমাদের কোনো কর্মী সমর্থকের গায়ে হাত পড়লে আমরা ছেড়ে কথা বলব না।”
তৃণমূলের ব্লক সভাপতি বিনয় ঘোষ বলেন, “ওখানে পথসভার বিষয়টি আমাদের জানা নেই। তাছাড়া উনি যা বলেছেন সেটা উনার ব্যক্তিগত মত। দল ওই মন্তব্যের দায় নেবে না।”

