গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২২ ফেব্রুয়ারি: পুড়শুড়ায় শিব ও কালী সাজিয়ে রাজনৈতিক মিছিলে রাস্তায় হাঁটানোয় হিন্দু দেব-দেবীদের অবমাননার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়ে পুড়শুড়া থানার দ্বারস্থ হলো সনাতনী মাতৃশক্তি। অভিযোগ, কদিন আগে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে তৃণমূলের মিছিলে কয়েকজন তৃণমূল কর্মী দেবদেবী সেজে অংশ নেন। তৃণমূলের ওই মিছিলে হাজির ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ সহ বিধায়ক ও জেলা স্তরের নেতা- কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়।

সনাতনীদের দাবি, রাজনৈতিক কর্মসূচিতে হিন্দু দেব- দেবীদের ব্যবহার হিন্দু ধর্মীদের আঘাত করেছে। তারই প্রতিবাদে রবিবার সংগঠনের পক্ষ থেকে পুড়শুড়া থানার সামনে বিক্ষোভ দেখিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানানো হয়। এদিন কর্মসূচিতে সনাতনীদের সাথে হাজির ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।

