স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ এপ্রিল: কালিয়াগঞ্জ কান্ডের প্রতিবাদে শুক্রবার উত্তরবঙ্গের ৮টি জেলায় ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে এই বনধে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

অন্যদিকে এই বনধের বিরোধিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরে মিছিল বের করলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজ্যের পরিবেশকে অশান্ত করতে চাইছে বিজেপি। এই কর্মনাশা বনধ ব্যর্থ হবে। এদিনের মিছিলে দলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, দলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

