নিচে তেরঙ্গা, উপরে দলীয় পতাকা! স্বাধীনতা দিবসে কংগ্রেসের এমন কর্মকান্ডে মেজাজ হারালেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ আগস্ট: জাতীয় পতাকাকে নিচে রেখে কংগ্রেসের দলীয় পতাকা উপরে ওঠানোর ঘটনাকে কেন্দ্র করে মেজাজ হারালেন গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নতুন বাস স্ট্যান্ড এলাকার। কংগ্রেসের তোলা এমন একটি পতাকাকে ঘিরেই কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তার অভিযোগ, এটা জাতীয় পতাকার অবমাননা।কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। যদিও ভুলবশতই এমনটা হয়েছে বলে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে।

সোমবার ছিল ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস। সেই দিনটিকে সামনে রেখেই গঙ্গারামপুর নতুন বাসস্ট্যান্ডে জাতীয় কংগ্রেসের তরফে একটি পতাকা উত্তোলন করা হয়। সেখানেই দেখা যাচ্ছে জাতীয় পতাকাকে নিচে রেখে কংগ্রেসের দলীয় পতাকা উপরে উঠিয়ে দিয়েছে তাদের সমর্থকরা, এমনটাই অভিযোগ বিজেপির। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে গোটা গঙ্গারামপুর শহরজুড়ে।

গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানিয়েছেন, একটা সময় তিনিও কংগ্রেস করতেন। কিন্তু কংগ্রেসের সংগঠনে কোথাও এমন কথা লেখা নেই যে জাতীয় পতাকা নিচে থাকবে আর কংগ্রেসের পতাকা উপরে থাকবে। এটা জাতীয় পতাকার অবমাননা। এমন অবমাননা মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, এই ঘটনা সমাজে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। এমনটা না হলেই ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *