সাথী দাস, পুরুলিয়া, ১৬ ফেব্রুয়ারি: প্রয়াত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও গীতিকার এবং সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ীর প্রয়াণে শোকাহত পুরুলিয়াবাসী। পুর ভোট প্রচারের মধ্যেই এই দুঃসংবাদ পৌঁছাতেই রাজনৈতিক দলগুলি দুই শিল্পীর স্মরণে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করছে। দুই সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে ভোট প্রচার শুরু করলেন পুরুলিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রদীপ ব্যানার্জি।

ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কর্মীরা। তার পরই জনসংযোগের মধ্য দিয়ে নিজের ওয়ার্ডে প্রচার করেন ওই তৃণমূল প্রার্থী। সন্ধ্যায় সন্ধ্যা মুখার্জি ও বাপি লাহিড়ীর প্রয়াণে শ্রোতা ভক্তরা শ্রদ্ধাঞ্জলি জানান পুরুলিয়ার চকবাজার মোড়ে। সেখানে ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সঞ্জিত দত্তের উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান হয়।

