নারায়ণ দেবনাথের স্মৃতির প্রতি শ্রদ্ধা বিজেপি রাজ্য সভাপতির

আমাদের ভারত, ১৮ জানুয়ারি: নারায়ণ দেবনাথকে স্মরণ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু মঙ্গলবার টুইটারে লিখেছেন, “ভারতের অন্যতম সেরা কমিক শিল্পী ‘পদ্মশ্রী’ নারায়ণ দেবনাথের মৃত্যুতে আমি শোকাহত। তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন। তাঁর উত্তরাধিকার আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি।”

প্রসঙ্গত, বাংলা চিত্রকাহিনি বা কমিকসের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথের জীবনাবসান। বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক প্রজন্মের বাঙালি কিশোরবেলার সঙ্গী হয়ে রয়েছে তাঁর সৃষ্টি করা একের পর এক চরিত্র। সেই হাঁদা, ভোঁদা, বাঁটুল, নন্টে, ফন্টে, কেল্টুদের রেখে চলে গেলেন তাদের স্রষ্টা।

নারায়ণ দেবনাথ চলে গিয়েছিলেন একটা ব্যক্তিনামের ঊর্ধ্বে। ১৯৬০-এর দশক থেকে বাঙালি সংস্কৃতির একটা প্রত্যঙ্গই হয়ে গিয়েছে নামটি। ১৯৬২ সালে ‘হাঁদা-ভোঁদা’, ১৯৬৫-তে ‘বাঁটুল দি গ্রেট’, ১৯৬৯-এ ‘নন্টে-ফন্টে’ বাঙালির শৈশব এবং কৈশোরের সঙ্গে জড়িয়ে থাকা কমিক স্ট্রিপ। সেই সঙ্গে এরাই হল দমচাপা বড়বেলা থেকে পালিয়ে যাওয়ার শুঁড়িপথ। বাঙালির সুপারহিরো ছিল না। কিন্তু কোথাও একটা বীরভাব ছাইচাপা আগুনের মতো ধিকিধিকি জ্বলত। বাঁটুল দি গ্রেট সেটারই মূর্ত রূপ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *