সিএনজি বাসের উদ্বোধনে নিজেই বাস চালালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম

রাজেন রায়, কলকাতা, ৯ আগস্ট: পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বাস ভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন বাস মালিকরা। কিন্তু সাধারণ মানুষের মুখ চেয়ে বাস ভাড়া বৃদ্ধিতে আপত্তি ছিল পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের। এবার রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে কলকাতায় এই প্রথম চালু হল সিএনজি চালিত বাস। পেট্রোল ও ডিজেলের প্রতিনিয়ত মূল্য বৃদ্ধির কারণে সরকারি বাস চালিয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে পরিবহণ দফতরকে। তার জন্যই এই প্রথম কসবা ডিপো থেকে আজ চালু হল সিএনজি চালিত বাস।

আজ সিএনজি চালিত বাস উদ্বোধন করতে গিয়ে নিজেই বাসের স্টিয়ারিং হাতে চালকের আসনে বসে পড়েন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, সপ্তাহের প্রথম দিনই শহর কলকাতার ব্যস্ত রাস্তায় কিছু সময় বাস চালাতেও দেখা যায় পরিবহণমন্ত্রীকে। নতুন এই সিএনজি বাস পরিষেবা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘আপাতত ছ মাস এই বাসটি শহরে চালানো হবে। তারপর ধীরে ধীরে আরও পরিবেশ বান্ধব বাস কলকাতার রাস্তায় নামানো হবে।’ তিনি আরও বলেন, ‘এই ধরনের বাস পরিবহণ দফতরের হাতে আসায় বাস চালানোর খরচ যেমন কমবে, তেমনই দূষণের মাত্রাও কমে যাবে। এর ফলে শহর অনেক বেশি পরিষ্কার ও পরিচ্ছন্ন হবে। প্রায় দু’মাস ধরে দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে প্রথম দুটি বাস পেট্রোল ডিজেল থেকে সিএনজি’তে রূপান্তরিত করার কথা বলা হয়। কারণ তেলের যা দাম তাতে বাস চালিয়ে অনেক টাকা সরকারের ক্ষতি হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আচমকা নিজেই কেন বাস চালাতে নামলেন? ফিরহাদ হাকিম বলেন, ‘আমি নিজে রাস্তায় চালিয়ে দেখলাম কোনও অসুবিধা হচ্ছে কি না? বা ফুয়েল ফ্লো ঠিক আছে কি না। এগুলো দেখার জন্য আমি নিজে বাস চালিয়ে দেখলাম।’ পরিবহণমন্ত্রী আরও জানান, ‘পেট্রোল ডিজেল থেকে সিএনজিতে রূপান্তর করতে পরিবহণ দফতরের প্রায় ৪ লক্ষ টাকা খরচ হচ্ছে।’ তিনি আরও জানান, ‘এর ফলে স্বাভাবিকভাবে পেট্রোল ডিজেলের যে খরচা সেটা অনেকটাই কমে যাবে। সিএনজি বাসগুলি স্বাভাবিক পরিষেবা দিলে আগামী দিনে আরও বেশ কয়েকটি এই ধরনের বাস তৈরি করা হবে। বাসের ভাড়া বাড়ানো নয়, আমরা বাসের ভাড়া কমিয়ে দেব। যদি সিএনজির কাজ সফল হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *