পুরুলিয়ায় শিক্ষক নিয়োগে স্বচ্ছতার দাবি বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ১৮ ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। পাশাপাশি জেলা বিদ্যালয় পরিদর্শককে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দিল তারা।

বিজেপির অভিযোগ, চাকুরি প্রার্থীদের কোনও তালিকা জনসমক্ষে প্রকাশ হল না কেন? কর্মখালি তালিকার মধ্যে পুরুলিয়ার কতজন চাকুরীপ্রার্থী রয়েছেন, পার্শ্বশিক্ষক ও প্রাক্তন চাকুরিপ্রার্থী তালিকায় কতজন স্থান পেয়েছেন সেই সংখ্যা জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না কেন ? এইসব অভিযোগের ভিত্তিতে আজ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিস ঘেরাও করে বিজেপি। উপস্থিত ছিলেন আজকের দলীয় এই কর্মসূচির উদ্যোগী বিজেপির পুরুলিয়া শহর(উত্তর) মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী ও অন্যান্য পদাধিকারীরা।

মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারীর অভিযোগ, “পুরুলিয়া জেলায় ৮৭০টি শুন্য পদ রয়েছে। এর মধ্যে কাল ২৮১ জনের নিয়োগ ছিল। উপস্থিত ছিলেন ২৫৫ জন কর্ম প্রার্থী। যার মধ্যে সিংহ ভাগই ভিন জেলার। তাহলে এই জেলার যোগ্য কর্ম প্রার্থীরা কী দোষ করলেন। আসলে এটা পুরোটা নিয়ন্ত্রিত হয় কলকাতা থেকে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি চলছে। না হলে কর্তৃপক্ষ এই জেলার মেধা তালিকা প্রকাশ করছে না কেন? আমরা চাই সচ্ছ্বতার মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক। না হলে বঞ্চিতরা ভোট বাক্সে জবাব দেবেন বলে আমার বিশ্বাস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *