স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ জুন: বেথুয়াডহরি এলাকাজুড়ে ঝামেলা হওয়ার পর বদলি করে দেওয়া হল নাকাশিপাড়া থানার আইসিকে। আইসি সোমনাথ ভট্টাচার্জকে বিধাননগর কমিশনারেটে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে বিশ্বজিৎ ঘোষকে। রবিবার নাকাশিপাড়া এলাকাজুড়ে অশান্তির জেরেই এই বদলি বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বিজেপি নেত্রী নুপুর শর্মার বক্তব্যের ফলে দেশ জুড়ে বিশেষ সম্প্রদায়ের বিক্ষোভ- অবরোধ শুরু হয়। নদিয়া জেলাতেও তাঁর আঁচ এসে পড়ে। গত রবিবার নাকাশিপাড়া এলাকার বেথুয়া ডহরি স্টেশনে ট্রেনের উপর হামলা করে বিক্ষোভকারীরা। ট্রেনের কাঁচ ভাঙ্গা হয় ও যাত্রীরাও আহত হয়। এর পরই নাকাশিপাড়া এলাকাজুড়ে গত তিনদিন ধরে উত্তেজনা ছড়াতে থাকে। এলাকার বেশকিছু দোকান পাঠ ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। এর পর বেথুয়া ব্যবসায়ী সমিতি বনধের ডাক দেয়। এর ফলে এলাকার সাধারণ মানুষ নানান সমস্যায় পড়ে। সাধারণ মানুষের এই সমস্যা দূর করতে নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে শান্তি বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে প্রশাসনের তরফ থেকে কৃষ্ণনগর সদর মহাকুমা শাসক দোকান খোলার জন্য ব্যবসায়ী সমিতিকে আবেদন জানান। এর পর আজ বুধবার থেকে এলাকার সমস্ত দোকান বাজার খোলা হয়।
ব্যবসায়ী সমিতির সম্পাদক পরিমল ঘোষ বলেন, প্রশাসনের কথায় মান্যতা দিয়ে আজ থেকে আমারা সমস্ত দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছি”।
এদিন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি বেথুয়া ডহরি আসার পথে পিডাবলুডি মোড়ের কাছে পুলিশ আটকে দেয়। এর জেরে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সংসদ। এরপর তিনি পুরো ঘটনা জেলাশাসককে জানিয়ে ঘটনাস্থল থেকে ফিরে যান। যদিও জগন্নাথ বাবুর দাবি, “তিনি বেথুয়া ডহরি নয় বহরমপুর যাচ্ছিলেন। তিনি বলেন, পুলিশের সঙ্গে আমার হাইকোর্টে দেখা হবে”।

