আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ জুলাই : বর্ষাকালে ঝুলন্ত মাচায় সবজির চারা তৈরি করে সময়ের আগেই সবজি দ্রুত উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হল পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে ডব্লিউ বি সি এ ডি সি প্রকল্পের পূর্ব মেদিনীপুর জেলা অফিসে। এদিন সুতাহাটা, তমলুক, নন্দকুমার ও পাঁশকুড়া ব্লকের কুড়িটি স্ব-সহায়ক দলকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি দল থেকে একজন করে মোট কুড়ি জন মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কোভিড বিধি মেনে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল বর্ষার পর এঁটেল মাটিতে দ্রুত সবজি উৎপাদন কিভাবে করা যায় সেই লক্ষ্যে বর্ষাকালে কিভাবে বীজতলা তৈরি করতে হবে তা নিয়ে আলোচনা ও হাতে কলমে তা করে দেখানো। এঁটেল মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি থাকায় ভারি বর্ষায় বীজতলা করা যায় না। ফলে ফুলকপি বাঁধাকপি সহ অন্যান্য শীতকালীন সবজি উৎপাদন করতে সময় লেগে যায়। কিন্তু বর্ষাকালে ঝুলন্ত মাচায় বীজতলা করলে দ্রুত সবজি উৎপাদন করা যাবে।

বাড়িতে মূলত বাঁশ, দড়ি ও খড় দিয়ে ঝুলন্ত মাচা বানিয়ে বর্ষাকালেই বীজতলা তৈরি করা যায়। এর ফলে বর্ষার পরেই দ্রুত মাচায় তৈরি সবজির চারা লাগিয়ে ফলন তাড়াতাড়ি করা যাবে। যার ফলে চাষিরা অনেকটা উপকৃত হবে। আজ তার প্রশিক্ষণ দেওয়া হল সরকারি উদ্যোগে।


