আমাদের ভারত, ১২ মে: নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিভিক মু্খ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর আরও দাবি, এক দু’জন কেন আমরা তিন চার জন সিভিক মু্খ্যমন্ত্রী চাইব রাজ্যে।
বৃহস্পতিবার মু্খ্যমন্ত্রী ডাক্তারের সঙ্কট মেটাতে পাঁচ বছরের জায়গায় তিন বছরের ডিপ্লোমা ডাক্তারি কোর্সের কথা বলেছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়েই সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিভিক মু্খ্যমন্ত্রী বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, সিভিক ভলান্টিয়ার, সিভিক পুলিশ, সিভিক ডাক্তার, দেখুন এবার সিভিক মুখ্যমন্ত্রী দেখব। সিভিক মুখ্যমন্ত্রী তো এখন ঘুরে বেড়াচ্ছেন। ট্রেনিং চলছে তার ৯০ না ৬০ দিনের। সে ট্রেনিংয়ে বেরিয়েছে সিভিক মুখ্যমন্ত্রী। আগামী দিনে চাইবো সিভিক মুখ্যমন্ত্রী হোক। চার-পাঁচজন হোক, একজন কেন হবে?
ডিপ্লোমা ডাক্তার পড়ানোর ভাবনার প্রসঙ্গে সুকান্ত বলেন, “আগে একটি বিশেষজ্ঞ কমিটি বানিয়ে তারপর এই সব করা উচিত।” তাঁর অভিযোগ, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। পাঁচ বছরের ডাক্তারের জায়গায় তিন বছরের ডিপ্লোমা কোর্স। ভবিষ্যতে এর ফলাফল কি হবে তা বিবেচনা করে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, না হলে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে।
অন্যদিকে, কুন্তলের সঙ্গে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রশ্নে অভিষেক অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হলেই আদালত তার আবেদন আপাতত খারিজ করে দিয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেন, “রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দিয়ে দেবেন যদি দুর্নীতি প্রমাণ হয়। তাহলে এখন প্রশ্ন উঠছে তদন্তের মুখোমুখি হতে ভয় কিসের?”
সুকান্ত এক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে বলেন, “নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাকেও ঘন্টার পর ঘন্টা বসিয়ে জেরা করা হয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে তো কখনো উচ্চ আদালতে যাননি। বরং মুখোমুখি হয়েছেন এবং অগ্নিপরীক্ষার মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে বের করে এনেছেন। সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই’য়ের সামনাসামনি হোক ভয় কিসের?”

