আশিস মণ্ডল, রামপুরহাট, ২ অক্টোবর: প্রাণী পালন করে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রাণী পালকদের প্রশিক্ষণ দিল প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা শাখা। শনিবার সারাদিন মল্লারপুর নইসুভা প্রোডিউসার কোম্পানি লিমিটেডের সহযোগিতায় প্রাণী পালকদের মুখোমুখি হন বিশিষ্ট প্রাণী চিকিৎসকরা।
যারা প্রশিক্ষণ ছাড়াই মুরগি-হাঁস, ছাগল, গরু পালন করছেন তাদের নিয়ে প্রশিক্ষণ শিবির করা হয় মল্লারপুরে।
উপস্থিত ছিলেন প্রোগ্রেসিভ ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য, সহকারি সাধারণ সম্পাদক প্রিয়ব্রত চক্রবর্তী, বীরভূমে জেলা সম্পাদক দেবপ্রসাদ মণ্ডল, বীরভূম জেলা প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের ডেপুটি ডিরেক্টর চক্রবর্তী, নইসুভার সম্পাদক সাধন সিনহা। সারাদিন ধরে চলা প্রশিক্ষণ শিবিরে হাঁস-মুরগি, গরু পালনের পাশাপাশি ছাগল পালনের উপর বেশি জোর দেওয়া হয়।

চয়ন ভট্টাচার্য বলেন, “যারা হাঁস-মুরগি, গরু, ছাগল পালন করছেন তাদের নিয়ে প্রশিক্ষণ শিবির করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রাণী পালকরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তার সমাধান কীভাবে হবে সে বিষয়ে বিশেষজ্ঞ বক্তারা আলোকপাত করছেন। সেই সঙ্গে জলাতঙ্ক রোগ নিয়েও আলোকপাত করা হচ্ছে। প্রাণী ঘটিত রোগ কোনও কোনও সময় প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। আবার মানুষ থেকেও প্রাণীর শরীরে ছড়ায়। সে সম্পর্কেও সচেতন করা হচ্ছে। সেই সঙ্গে আমাদের সংস্থার পক্ষ থেকে পথ কুকুরদের জলাতঙ্ক টিকা দিচ্ছি। যাতে পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়িয়ে না পড়ে”।

