সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৪ সেপ্টেম্বর: ট্রেন চালু হল টানা পাঁচ দিনেরও বেশি সময় অবরুদ্ধ থাকা আদ্রা- চান্ডিল শাখায়। ওই শাখার পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে কুড়মি সমাজ রেল রোকো সম্পূর্ণ ভাবে তুলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রেল চলাচল শুরু হয়। স্বস্তি পান যাত্রীরা।
রবিবার সকালে অবরোধ স্থলে কুড়মি সমাজের আন্দোলনকারীরা একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেন। তারপরই পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে আন্দোলন সম্পূর্ণভাবে প্রত্যাহার করেন তাঁরা।

উল্লেখ্য, কুড়মি জাতীকে তপশিলি তালিকাভুক্ত করা সহ কয়েক দফা দাবিতে ছোটনাগপুর টোটেমিক কুড়মি মাহাতো সমাজের ডাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল। সেইমতো মঙ্গলবার সকাল থেকেই পুরুলিয়ার দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা শাখার অন্তর্গত কুস্তাউর রেল স্টেশনে শুরু হয় রেল রোকো আন্দোলন। এর জেরে পুরুলিয়া- আদ্রা শাখায় বহু ট্রেনকে বাতিল করা। চরম ভোগান্তির শিকার হন সাধারণ রেল যাত্রীরা। টানা ৫ দিন ধরে লাগাতার চলে রেল অবরোধ। যদিও গতকাল আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো আন্দোলন প্রত্যাহার ঘোষণা করেন। কিন্তু তবুও লিখিত আশ্বাস ছাড়া ঘোষণার পরেও পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে আন্দোলন জারি রাখে কুড়মি সমাজের কর্মীরা। এই নিয়ে মতবিরোধ হয় তাঁদের মধ্যে। ঘটনায় আবার নতুন করে মোড় নেয় আদিবাসী কুড়মি সমাজে রেল রোকো আন্দোলন। অবশেষে সবদিক বিবেচনা করে ১২০ ঘণ্টা পর পুরুলিয়ায় রেল রোকো আন্দোলন সম্পূর্ণভাবে প্রত্যাহার করে কুড়মি সমাজ।

