আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ অক্টোবর: হলদিয়া- পাঁশকুড়া রেল লাইনের রাজগোদা ও রঘুনাথ বাড়ির মাঝে রেলের প্যান্টোগ্রাফ ভেঙ্গে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ট্রেন চলাচল ব্যাহত হয়। দুটি ট্রেন বাতিল করা হয় এই কারণে।

আজ সকালে হলদিয়া- পাঁশকুড়া রেললাইনে রাজগোদা ও রঘুনাথ বাড়ি স্টেশনের মাঝে কোন্ঠিবাড় এলাকায় পাঁশকুড়া গামী ডাউন রেললাইনে প্যান্টোগ্রাফ ভেঙ্গে ওভারহেড তার ছিঁড়ে যায়। সেজন্য হলদিয়া হাওড়া লোকাল দাঁড়িয়ে যায়। লোকাল ট্রেনের প্যাসেঞ্জার আতঙ্কে ট্রেন থেকে নেমে আপ রেললাইনে দাঁড়িয়ে যায়। অফ লাইনে প্যাসেঞ্জার থাকায় পাঁশকুড়া থেকে হলদিয়া যাবার লাইনে মালগাড়ি দাঁড়িয়ে যায়। দুই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় ব্যাপক সংখ্যক যাত্রী ইতিমধ্যে সমস্যায় পড়ে। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে বহু ট্রেন। বহু মানুষ এই ট্রেন ধরে কর্মসূত্রের উদ্দেশ্যে রওনা হন। সেই জায়গায় ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়ছেন তারা। রেলের তরফ থেকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।

প্রায় তিন ঘন্টা পরে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয় এবং আটকে পড়া ট্রেনের যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এর মধ্যে অবশ্য অনেক যাত্রী পায়ে হেঁটে বাস রাস্তা দিয়ে গন্তব্যস্থলার দিকে রওনা হয়ে যায়। ওভারহেডের ছিঁড়ে দেওয়ার তার সারিয়ে প্রায় ঘন্টা চারেক পরে ট্রেন চলাচল শুরু হয় দুই লাইনে। এই ট্রেন চলাচল বন্ধ থাকার ফলে হলদিয়া-আসানসোল এবং হলদিয়া-হাওড়া দুটি ট্রেন বাতিল করা হয়।


