সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ এপ্রিল: গাজন মেলায় চড়ক দুর্ঘটনায় এক কিশোরীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়া শহর লাগোয়া এক্তেশ্বরে। এই ঘটনার পরেই তৎপর হয়ে চড়ক বন্ধ করে প্রশাসন।
বাঁকুড়া শহর লাগোয়া প্রাচীন এক্তেশ্বর শিবমন্দিরে চৈত্র সংক্রান্তিতে গাজন হয়। গাজন উপলক্ষে বড় মেলা বসে। বহু দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায় এই মেলায়। দ্বারকেশ্বর নদীর তীরে এই মেলায় বহু গ্রামীন জিনিস, মাটির ও পাথরের আসবাব, হাঁড়ি কলসি, বেতের জিনিস, মাদুর ইত্যাদি কেনাবেচা হয়। গতকাল বৃস্পতিবার ছিল রাত গাজন, আজ ছিল দিন গাজন। গরম উপেক্ষা করে ভিড় ছিল ভালো। আজ সকাল ন’টা নাগাদ স্থানীয় ভাদুল গ্ৰামের এক কিশোরী গাজন মেলায় হাজির হয় এবং মেলায় চড়কের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করে। ঐসময় তার চুল চড়কে জড়িয়ে যায়, মুহুর্তে সমস্ত শরীর জড়িয়ে যায়, চুল সহ মাথার চামড়া আটকে যায় চড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সে এক বীভৎস্য দৃশ্য। সঙ্গে সঙ্গে গরুতর জখম ও অচৈতন্য অবস্থায় কিশোরী প্রিয়াঙ্কা বাউরিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা দেখে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

