আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ ডিসেম্বর: দীর্ঘ দিন ধরে রাস্তার বেহাল দশার প্রতিবাদে পানিহাটির শহিদ স্বপন সিংহ রায় সরণিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
পানিহাটি পৌরসভার ২৭ ও ৩১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলের শহিদ স্বপন সিংহ রায় সরণির বেহাল দশা দীর্ঘ প্রায় দু’বছর ধরে চলে আসছে। স্থানীয় মানুষজন দীর্ঘদিন অভিযোগ জানালেও কর্ণপাত করেনি পৌরসভা। আগরপাড়া, ঊষূমপুর, বটতলা সহ বিস্তীর্ণ অঞ্চলের সাথে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তা। এই রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আজ স্থানীয় বাসিন্দা সহ ব্যাবসায়ীরা রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধে শামিল হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা হবে বলেও রাস্তা সংস্কার করা হচ্ছে না। অনেক দিন ধরে তারা এই অসুবিধা সহ্য করে আসছে, কিন্তু যে ঠিকাদার এই রাস্তা সংস্কার করার কথা বলেছিল তারা করছে না ফলে দিনের পর দিন ওই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা অবরোধ শুরু করেন। তারা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘ প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই পথ অবরোধ। এরপর ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ আসলে বিক্ষোভকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।

