খড়্গপুরে শুরু বাণিজ্য মেলা, চলবে ৫ দিন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: বেঙ্গল চেম্বার অব কমার্স (বিসিসিআই) এর উদ্যোগে ৫ দিনের বাণিজ্য মেলা সহ ভেন্ডার ডেভলপমেন্ট অনুষ্ঠানের উদ্বোধন হল বৃহস্পতিবার বিকেলে। খড়্গপুর কলেজ ময়দানে এই বাণিজ্য মেলা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক তথা জেলা পরিষদের সহ- সভাধিপতি অজিত মাইতি, খড়্গপুরের পুরপ্রধান কল্যাণী ঘোষ, বিসিসিআইয়ের চেয়ারপার্সন সঞ্জয় বেহরা, কেন্দ্রীয় লঘু ও মধ্যম উদ্যোগের বিভাগের যুগ্ম অধিকর্তা পিকে দাস, গৌতম রায় সহ অন্যান্য বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীরা।

বিসিসিআইয়ের চেয়ারপার্সন সঞ্জয় বেহরা উদ্বোধনী বক্তব্যে বলেন, বাণিজ্য মেলায় বিভিন্ন সংস্থার স্টল রয়েছে। লঘু ও মধ্যম উদ্যোগের ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং তাদের হাতেকলমে শিক্ষা দেওয়ার জন্যই এই বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। এখানে একাধিক মেটাল সংস্থা সহ নানান ব্যাঙ্কের স্টল রয়েছে। ৫ দিন ধরে একাধিক পর্বে ওই সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার খুঁটিনাটি শেখানোর পাশাপাশি নতুন উদ্যমীদের বাণিজ্য সংক্রান্ত নানা তথ্য দেওয়া হবে। এতে রাজ্যের লঘু ও মধ্যম শিল্পগুলি লাভবান হবে। শিল্প সংস্থার পদস্থ আধিকারিকরা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। ৫ দিন ধরে এমএসএমই’র ভূমিকা, সুবিধা-অসুবিধার কথা উঠে আসে।

মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা বলেন, বেঙ্গল চেম্বার অব কমার্স সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন যে, বাংলায় জমি ব্যাঙ্ক তৈরি করা হয়েছে, এখানে শিল্প কারখানা করতে কোনো অসুবিধা নেই, আপনারা রাজ্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো বেশি করে তুলে ধরুন দেশের সামনে। নেতিবাচক ধারণা করবেন না। আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। লাল ফিতের ফাঁস অনেক আলগা করা হয়েছে।

জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি অনুষ্ঠানে আগত শিল্প প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্ভয়ে আমাদের জেলায় শিল্প- কারখানা করতে এগিয়ে আসুন। আমাদের সরকার সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।

আজকের অনুষ্ঠানটি পরিচালনা করেন বেঙ্গল চেম্বার অব কমার্সের ডাইরেক্টর সোমা মিত্র মুখার্জি, সহযোগিতা করেন পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্ৰাম ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সম্পাদক চন্দন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *