জে মাহাতো, মেদিনীপুর, ২০ এপ্রিল:
করোনা মোকাবিলায় বিশেষ পদক্ষেপ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের। আজ থেকেই জেলার পাঁচটি শহরে রাত নটার পর থেকে সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিলো জেলা প্রশাসন। কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্যকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া বাজারগুলিকে স্যানিটাইজ করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছেl সংক্রমিত হয়েছেন ২২১ জন।এই অবস্থায় করোনা সম্পর্কে সচেতনতা প্রচার বৃদ্ধির সিদ্ধান্তের পাশাপাশি জেলার করোনা পরিস্থিতি মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও খড়গপুর রেলওয়ে এবং আইআইটি খড়গপুরের আধিকারিকদের নিয়ে মেদিনীপুর সার্কিট হাউসে বিশেষ বৈঠক করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তর নিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার করোনা বিষয়ক নোডাল অফিসার এম.ভি রাও।

মঙ্গলবার মেদিনীপুর সার্কিট হাউসে জেলাশাসক ডাঃ রেশমি কমল, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, জেলা স্বাস্থ্য দপ্তরের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশংকর সারেঙ্গী সহ খড়গপুর রেল ও আইআইটি আধিকারিকদের মধ্যে দীর্ঘক্ষন বৈঠক হয়। বৈঠক শেষে এম.ভি রাও জানান, জেলায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি যে সমস্ত বাজারগুলোতে সাধারণ মানুষের জমায়েত হয়, সেই সমস্ত বাজারে মাস্ক ও স্যানিটাইজেসনের উপর এদিনের বৈঠকে জোর দেওয়া হয়েছে। জেলার বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে সমস্ত পদক্ষেপ করতে বলা হয়েছে।
জেলা পুলিশ সুপার দিনেশ কুমার বলেন, আজ থেকে রাত নটার পর মেদিনীপুর শহর সহ জেলার পাঁচটি শহরে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


