স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাহারাইলে পার্সেল বিস্ফোরণ কান্ডে ধৃত টোটোচালক রঞ্জন রায়কে সোমবার হেমতাবাদ থানার পুলিশ ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে রায়গঞ্জ আদালতে পেশ করলে সিজিএম আদালতের বিচারক ১০ দিনেরই পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
শুক্রবার বিকেলে টোটো চালক রঞ্জন রায় একটি পার্সেল দিয়ে আসে হেমতাবাদের বাহারাইল গ্রামে বাবলু চৌধুরীর ওষুধের দোকানে। পার্সেল খুলতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হয় বাবলু চৌধুরী সহ তিনজন। ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার সকালে পুলিশ গ্রেপ্তার করে টোটোচালক রঞ্জন রায়কে।

টোটোচালক রঞ্জন রায়ের বিরুদ্ধে ২৪৬,৩৩৬ আইপিসি এবং ৩/৪ এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট ধারায় মামলা দায়ের করে হেমতাবাদ থানার পুলিশ। সোমবার ধৃত টোটো চালক রঞ্জন রায়কে রায়গঞ্জ আদালতে তোলা হয়। হেমতাবাদ পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। জেলা সিজিএম আদালতের বিচারক ধৃত টোটো চালক রঞ্জন রায়কে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

