ভয় দেখিয়ে এক মানসিক ভারসাম্যহীনকে নির্যাতন, অন্তঃসত্ত্বা হতেই প্রকাশ্যে অভিযুক্তের খোঁজ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ ডিসেম্বর: ভয় দেখিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতার মুখে একটাই নাম আলাউদ্দিন এই কাজ করেছে। অভিযুক্তের দাবি, আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রের খবর, নির্যাতিতা মহিলার বয়স আনুমানিক ৩৯ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর মা দৃষ্টিহীন ও বধির। বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন নির্যাতিতা। সেই সুযোগকেই কাজে লাগায় প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডল। নির্যাতিতার পরিবারের অভিযোগ, আলাউদ্দিন মণ্ডল ওই মহিলাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। কাউকে যাতে বিষয়টা না জানায় সেই কারণে হুমকিও দেওয়া হয়। তবে নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই জানাজানি হয় গোটা ঘটনা।

নির্যাতিতার দিদি বলেন, বোন গর্ভবতী হওয়ার পর আমরা বিষয়টা জানতে পেরেছি। মা চোখে দেখতে পারেন না। শুনতেও পারেন না। সেই সুযোগকেই কাজে লাগিয়েছে প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডল। মঙ্গলবার রাতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আলাউদ্দিন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তিনি কোনও রকম ভাবে যুক্ত নন, চক্রান্ত করা হচ্ছে। পাশাপাশি দোষী প্রমাণিত হলে যে কোনো শাস্তি মাথা পেতে মেনে নেবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য খায়ের মণ্ডল বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা পুলিশ-প্রশাসনকে বলবো। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *