বাংলাদেশ সীমান্ত থেকে কচ্ছপ উদ্ধার, গ্রেফতার পাচারকারী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ ডিসেম্বর: বাংলাদেশ সীমান্তে চোরাচালান বাড়ছে। সেই সঙ্গে কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ। তারই জেরে বুধবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ডোবারপাড়া সীমান্ত এলাকা থেকে তিন ব্যাগ বিরল প্রজাতির কচ্ছপ সহ বাংলাদেশি এক পাচারকারীকে গ্রেফতার করেছে বলে দাবি করল বিএসএফ। ধৃতের নাম রফিকুল শেখ, বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা।

বিএসএফ সূত্রের খবর, এদিন রাত সাড়ে সাতটা নাগাদ এক সন্দেহ ভাজন ব্যক্তি ডোবারপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিল। কর্তব্যরত ৫ নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানরা তার উপর নজর রাখে। কিছুক্ষণ পর ওই ব্যক্তি তিনটি ব্যাগে করে কিছু নিয়ে বাংলাদেশে সীমান্ত পার হওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। বিএসএফ জওয়ানরা তার পিছু নেয়। বিএসএফ দেখে ওই পাচারকারী ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। বিএসএফের দুই জওয়ান তাকে তাড়া করে ধরে ফেলে। ওই তিনটি ব্যাগ থেকে ২৯৬টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়। এরপর তাকে ডোবারপাড়া বিএসএফের বিওপিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদে পাচারকারী জানিয়েছেন, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ২৯৬টি কচ্ছপ নিয়ে যাচ্ছিল। বাংলাদেশের বাসিন্দা জাকির হোসেন নামে এক পাচারকারী ভারতে থেকে এই চোরাকারবার চালাচ্ছে। ইচ্ছামতী নদী পাড় করে দেওয়ার জন্য সে দুই হাজার টাকা পাবে বলে জানিয়েছে। বৃহস্পতিবার ধৃতকে গাইঘাটা থানার হাতে তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *