সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ মে: ঘূর্ণিঝড় টর্নেডো বা যস বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রাজ্যজুড়ে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। তারই মাঝে উত্তর ২৪ পরগনার অশোকনগরে নতুন করে বড়সড় দুর্যোগ। চুঁচুড়া, হালিশহর, শান্তিপুরের পর এবার টর্নেডোর সাক্ষী অশোকনগরের ২২ নম্বর ওয়ার্ড এবং গুমার একাংশ। এই ঘটনায় প্রায় ৫০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত, বেশ কিছু মানুষ আহত হয়ে বলে জানা যায়।

বৃহস্পতিবার ঠিক সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ আচমকাই কালো হয়ে যায় গোটা আকাশ। বইতে থাকে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে খোলা মাঠের মধ্যে ঘুরতে দেখা যায় টর্নেডো। এমনই দৃশ্যের সাক্ষী উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ২২ নম্বর ওয়ার্ড এবং গুমার মানুষদের একাংশ। নিমেষের মধ্যে প্রায় ১০০টি বাড়ির টিনের চাল হাওয়ায় উড়ে যায়। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। এর আগে গত সোমবার চুঁচুড়া, হালিশহর ও শান্তিপুরেও টর্নেডো হয়। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানিও হয় দু’জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই টর্নেডোয় কাঁপল উত্তর ২৪ পরগনার অশোকনগর।

স্থানীয় বাসিন্দা সাগতা মণ্ডল বলেন, হঠাতই কালো মেঘ, বিকট হাওয়া, দরজা জালনা লাগাতেই ঘরের চাল উড়ে যায়। দেওয়ালের ইট পড়ে নাক মুখ দিয়ে রক্ত বেরতে থাকে। এলাকা পরিদর্শনে যান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী ও অশোকনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার কাজ শুরু হয়ে।
বিধায়ক বলেন, অশোকনগর বিধানসভার গুমা, শক্তিনগর, নিবেদিতা পল্লী, সোম লক্ষ্মী কলোনি সহ একাধিক গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অশোকনগর পৌরসভার ১৪ নম্বর, ১৫ নম্বর, ২২ নম্বর ওয়ার্ডে প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত।


