জে, মাহাতো, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘ ২ মাস ধরে চলা দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে মশাল মিছিল হল পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীতে। রবিবার কেশিয়াড়ী ব্লকের কেশিয়াড়ী বাজার এলাকায় সারা ভারত কৃষক ও ক্ষেতমজুর সংগঠন এর পক্ষ থেকে মশাল মিছিল ও পথসভার আয়োজন করা হয়। অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন ২০২০ প্রত্যাহার করার দাবিতে সারা দেশের পাশাপাশি রাজ্যের সর্বত্র এই কর্মসূচি চলছে বলে দাবি সংগঠনের। মশাল মিছিল এদিন সারা কেশিয়াড়ী বাজার এলাকা পরিক্রমা করে। অবিলম্বে কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবি সহ কেন্দ্রীয় বাজেট ২০২১ এ কেরোসিন থেকে ভর্তুকি তুলে দেওয়া, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয় মিছিল ও পথসভা থেকে।


