আমাদের ভারত, ২ জানুয়ারি: চোখ রাঙাচ্ছে করোনা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গোনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি করেছে নবান্ন।
৫০% যাত্রী নিয়ে মেট্রোর পরিসেবা চলবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। এরপরই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে বন্ধ করা হবে টোকেন পরিষেবা। শুধুমাত্র স্মার্টকার্ড থাকলেই মেট্রো চাপতে পারবেন যাত্রীরা।
রাজ্যজুড়ে সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। তার মধ্যে একটা বড় সংখ্যক মানুষ করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় বিধি-নিষেধ কি হবে, কী ভাবেই বা প্রস্তুতি নেবে প্রশাসন তা নিয়ে নবান্নে বৈঠক ছিল। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। মুখ্যসচিব ঘোষণা করেন, আগামীকাল অর্থাৎ সোমবার থেকে লোকাল ট্রেন চলবে সন্ধ্যে সাতটা পর্যন্ত। যাত্রী থাকবে ৫০%। মেট্রোও ৫০% যাত্রী নিয়ে চলাচল করবে, তবে মেট্রোর ক্ষেত্রে সন্ধে সাতটার মতো কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আগের সময় অনুযায়ী চলবে মেট্রো।
কিন্তু করোনা পরিস্থিতিতে যাত্রী সংখ্যায় লাগাম দিতে মেট্রোয় টোকেন পরিষেবা বন্ধ করে দিল কলকাতা মেট্রো। গত বছর গোড়ার দিকে বিধিনিষেধ চালুর সময় বন্ধ রাখা হয়েছিল টোকেন। মেট্রো চলাচলে
স্মার্ট কার্ডই ছিল একমাত্র ভরসা। যাদের স্মার্ট কার্ড ছিল না তারা সমস্যায় পড়েছিলেন। এরপর নভেম্বর মাসে ক্রেতা সুরক্ষা দপ্তরের সুপারিশে আবার টোকেন ফিরিয়ে আনা হয় মেট্রোয়। কিন্তু আবারও তা বন্ধ করা হল।
করোনার আগে পরিস্থিতিতে ৫০% যাত্রী স্মার্ট কার্ড ব্যবহার করলেও বাকিরা টোকেন ব্যবহার করতেন। কিন্তু করোনা পরিস্থিতিতে হাতে হাতে টোকেন নেওয়ায় সংক্রমণ ছড়াতে পারে, তাই আপাতত বন্ধ টোকেন।

