‘বাংলার আজকের বাঘ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্মাগলার ক্রিমিনাল অনুব্রত নয়’, কটাক্ষ অগ্নিমিত্রার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ ৩ নম্বর অঞ্চলে দলীয় কর্মীদের নিয়ে অঞ্চল সম্মেলন হল বিজেপির। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিশ্র, পশ্চিম মেদিনীপুর জেলার যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিক প্রমুখরা।

আজকের সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে অগ্নিমিত্রা জিজ্ঞেস করেন এখন বাংলার বাঘ কাকে বলা হয়? তিনি বলেন, আমরা জানি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়। জনগণ তখন বলে অনুব্রত মণ্ডল, প্রতু্ত্তরে অগ্নিমিত্র বলেন, ওতো নেংটি ইঁদুর। কিন্তু এখন বাংলার বাঘ হচ্ছে আমাদের জর্জ সাহেব অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অনুব্রত মন্ডলের দিল্লি যাওয়া স্থগিত হওয়া প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, “যে ক্রিমিনাল, মার্ডারার, গরু পাচারের প্রধান আসামি তাকে আমাদের মুখ্যমন্ত্রী বলেন বীর সন্তান, বাঘ। এই সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব চেষ্টা করছেন যাতে অনুব্রত মন্ডল দিল্লি যান, কারণ এই সরকার জানে অনুব্রত দিল্লি গেলে অনেকেরই সমস্যা হবে।” মিঠুন চক্রবর্তীকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে না আমন্ত্রণ জানানো ও তাঁর অভিনীত সিনেমা নন্দনে না দেখানো নিয়ে বিজেপি নেত্রীর প্রতিক্রিয়া, “রিভেঞ্জ পলিটিক্সে খুব মাস্টার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিমিত্রা অভিযোগ করেন, পঞ্চায়েত এলাকাগুলিতে ১২ বছর শাসক দল ক্ষমতায় থাকার পরেও কোনো পরিষেবা মানুষ পাননি৷ তিনি অভিযোগ করেন, “এত কিছু বলার পরেও আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তৃণমূলের প্রধান, উপপ্রধানদের। রাজ্য পুলিশ সার্ভে করতে গিয়ে হুমকি দিচ্ছে৷ যাদের বাড়ি পাওয়ার কথা তারা পাচ্ছেন না।” আবাস যোজনা, কয়লা, শৌচালয়, বালি, পাথর, গরু সব জায়গা থেকে টাকা চুরি করা হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি। তাঁর শ্লষ, “এটা কি সরকার? কাদের আমরা এনেছি? ছিঃ ছিঃ ছিঃ! কোথায় নামিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে! লজ্জা! লজ্জা!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *