আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৩০ আগস্ট: “গত বছর রাখি উৎসবের দিনে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজও সেই রাখি বন্ধন উৎসব। তাই রাখি পূর্ণিমার দিনে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের বর্ষপূর্তি উদযাপন করা হলো”। রাখি বন্ধন উৎসব উপলক্ষে তারাপীঠে একথা বলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।

পাশাপাশি পুরনো বসে থাকা কর্মীদের সঙ্গে আলোচনা করে আবার তাদের দলে কার্যকর করার বার্তা দেন তিনি। সেই উদ্দ্যেশ্য নিয়ে দুধকুমার মন্ডল সহ বসে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। আজ বীরভূমের তারাপীঠে রাখি বন্ধনের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এই বৈঠক করেন তিনি। অনুপম হাজরা জানান, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশ মেনে তিনি পুরনো ও বসে থাকা কর্মীদের সঙ্গে আলোচনা করে আবার তাদের দলে কার্যকরী করার কাজ করছেন।
বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, “রাজ্যে বিভিন্ন জায়গায় গড়ে ওঠা অবৈধ বাজি কারখানাগুলি ঘুরে দেখব এবং তার রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাব। সেই মত আজ বীরভূমের সুরুল গ্রামে একটি অবৈধ বাজি কারখানা ঘুরে দেখছি। আগামী দিনে আচমকা রাজ্যর বিভিন্ন জেলায় গড়ে ওঠা অবৈধ বাজি কারখানাগুলি ঘুরে দেখবো”।

