আজ বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তর শহিদ দিবস

আমাদের ভারত, ৭ জুলাই: আজ দীনেশচন্দ্র গুপ্তর(জন্ম – ৬ ডিসেম্বর, ১৯১১: মৃত্যু – ৭ জুলাই, ১৯৩১) শহিদ দিবস। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন স্বনামধন্য বাঙালি বিপ্লবী। তিনি দীনেশ গুপ্ত নামেই সমধিক পরিচিত। তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। মেদিনীপুরে তাঁর সংগঠন পরপর তিন জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিল। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে তিনি ও বাদল গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং (বর্তমান মহাকরণ) ভবনে অভিযান চালিয়ে, বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। রাইটার্স বিল্ডিং-এর অলিন্দে পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন উচ্চপদস্থ ইউরোপীয় কর্মচারী গুরুতরভাবে আহতও হন। এরপর তাঁরা আত্মহত্যার চেষ্টা করেন। অপর দুই বিপ্লবী আত্মহত্যায় সমর্থ হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। বিচারে তার ফাঁসির আদেশ হয়। মৃত্যুর পূর্বে জেলে বসে তিনি কয়েকটি চিঠি লিখেছিলেন। এই চিঠিগুলি ভারতের বিপ্লবী ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল এবং সাহিত্যিক বিচারেও অত্যন্ত মূল্যবান। স্বাধীনতার পর তাঁর ও তাঁর অপর দুই সহবিপ্লবীর সম্মানার্থে কলকাতার প্রসিদ্ধ ডালহৌসি স্কোয়ারের নাম বিনয়-বাদল-দীনেশ বাগ (সংক্ষেপে বিবাদীবাগ) রাখা হয়।

এছাড়াও আজ
প্রবোধকুমার সান্যালের (৭ জুলাই, ১৯০৫ – ১৭ এপ্রিল, ১৯৮৩) জন্মদিন। তিনি ছিলেন একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও পরিব্রাজক। কল্লোল যুগের লেখক গোষ্ঠীর জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি খুবই জনপ্রিয় সাহিত্যিক ছিলেন।
আজ কামিল্লো গলজির ( জুলাই ৭, ১৮৪৩ – জানুয়ারি ২১, ১৯২৬) জন্মদিন। তিনি ছিলেন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী একজন ইতালীয় চিকিৎসক,  জীববিজ্ঞানী ও রোগবিজ্ঞানী। শারীরস্থান ও  শারীরবিজ্ঞানের বেশ কিছু কাঠামো এবং ঘটনা এছাড়াও গলজি যন্ত্রপাতি (Golgi apparatus), গলজি কণ্ডরা অঙ্গ (Golgi tendon organ) এবং গলজি কণ্ডরা প্রতিবর্ত ক্রিয়া (Golgi tendon reflex) তাঁর নামানুসারে নামকরণ করা হয়েছে। তিনি তাঁর সময়ের শ্রেষ্ঠ স্নায়ুবিজ্ঞানী ও জীববিজ্ঞানী হিসাবে স্বীকৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *