ইতিহাসে আজকের দিন! আজ কথা সাহিতিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন

আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ – ১লা নভেম্বর, ১৯৫০) জন্মদিন। তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য।

উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।

আজ অরুণাচল বসু’র ( ১২ সেপ্টেম্বর ১৯২৩ – ২৪ জুলাই ১৯৭৫) জন্মদিন। তিনি ছিলেন একজন কবি এবং অনুবাদক। তিনি বর্তমান বাংলাদেশের যশোরের ডোঙ্গাঘাটায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম অশ্বিনীকুমার বসু এবং মাতা লেখিকা সরলা বসু। অরুণাচল বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘদিন কবিতা, গান, ছড়া ইত্যাদি লিখেছেন। তিনি চীনা, তুর্কী, জাপানী এবং রুশ ভাষার অনেক কবিতা অনুবাদ করেছেন। প্রথম-জীবনে চিত্রশিল্পী হিসাবে পরিচিত হয়েছিলেন। এছাড়া নতুন সংস্কৃতি নামক একটি সংস্থার মূল সংগঠকও ছিলেন। অরুণাচল বসু, কবি সুকান্ত ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *