সার্ভে করতে আসা দুই যুবতীকে উদ্ধার করতে এসে এলাবাসীদের বিক্ষোভের মুখে পুলিশ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: অপরিচিত দুই যুবতী এলাকায় ঢুকে নিজেদের সঠিক পরিচয় না দেওয়ায় এলাকাবাসীরা তাদের ঘিরে ধরে। পুলিশ উদ্ধার করতে এলে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন দু’নম্বর ব্লকের পুরোলদাতে।

ঘটনায় জানা যায়, শনিবার সন্ধ্যে নাগাদ এলাকায় দু’জন অপরিচিত যুবতী বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছিল। কিছু সচেতন ব্যক্তি তাদের জিজ্ঞেস করেন কিসের সার্ভে এটি। সেই সঙ্গে তাদের পরিচয়ও জানতে চান। কিন্তু তারা তাদের পরিচয় সঠিকভাবে বলতে পারেননি বলে অভিযোগ এলাকাবাসীর। এরপর দুই যুবতীকে ঘিরে ধরে এলাকাবাসীরা। খবর যায় বেলদা থানার জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে তাদের উদ্ধার করতে গিয়ে গাড়িতে ঢুকিয়ে নেওয়ার পর পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাদের দাবি, এদের সঠিক পরিচয় সর্বসমক্ষে প্রকাশ করা হোক। পুলিশ বেশ কিছুক্ষণ ধরে এলাকাবাসীদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনও কথা শুনতে চাইছিলেন না এলাকার লোকেরা। পরে পুলিশের স্পেশাল ফোর্স উক্ত এলাকায় যায় এবং মৃদু লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় এবং মেয়ে দুটিকে উদ্ধার করে। পরে মেয়ে দুটির সঠিক পরিচয় যাচাই করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *