সাথী দাস, পুরুলিয়া, ৬ এপ্রিল: নিহত তপন কান্দুর স্ত্রী সহ মহিলা কংগ্রেস কর্মীরা রাস্তায় বসে ১২ ঘন্টার বনধ সফল করতে উদ্যোগী হলেন। কাউন্সিলর হেনস্থার অভিযোগে কংগ্রেসের ডাকা ১২ ঘন্টার ঝালদা বন্ধে রাঁচি-পুরুলিয়া সড়ক অবরোধ করেন দলের মহিলা কর্মীরা। অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে কংগ্রেসের ঝালদা বনধ শুরু হয়।
গতকাল দলীয় কালা দিবসের মিছিলে পুলিশের বাধা এবং মহিলাদের নিগ্রহের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। সকাল থেকে যান বাহন চলাচল করেনি। বন্ধ রয়েছে দোকান পাট, হাট বাজার। চলছে পুলিশি টহল।

গতকাল ঝালদায় কংগ্রেস কাউন্সিলরদের পৌরসভাতে ঢুকতে বাধা দেয় পুলিশ। মহিলা কাউন্সিলরের শ্লীলতা হানি করে পুলিশ। এই অভিযোগে ঝালদায় ১২ ঘন্টা বন্ধের ডাক দেয় কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ, গত ১৩ মার্চ দুস্কৃতি গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। প্রশাসন গত ৫ এপ্রিল ঝালদা পৌর বোর্ড গঠনের ঘোষনা করলে দিনটি কালা দিবস হিসাবে পালন করে কংগ্রেস। মৌন মিছিল নিয়ে কংগ্রেস কাউন্সিলররা পৌরসভায় এলে পুলিশ পথ আটকায়। পুর্নিমা কান্দুর অভিযোগ, পুলিশ পৌরসভায় ঢুকতে বাধা দেন। আমার শ্লীলতা হানি করে পুলিশ। তাই আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝালদা বন্ধের ডাক দেওয়া হয়েছে। জরুরী পরিষেবা ও পরীক্ষার যান বনধের আওতার বাইরে রাখা হয়েছে।

